
শাহীন বিশ্বাস, পাটকেলঘাটা প্রতিনিধি
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় পিকআপ ও ইজিবাইকের সংঘর্ষে তাজমিরা নামের ৯ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কুমিরা মহিলা কলেজের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
খর্নিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, খুলনাগামী একটি পিকআপ কুমিরা মহিলা কলেজের সামনে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ইজিবাইকে ধাক্কা দেয়।
পাটকেলঘাটার বাহাদুরপুর গ্রামের আব্বাস আলীর মেয়ে ৯ বছর বয়সী কিশোরী তাজমিরা পিকআপের বাম্পারের আঘাতে মাথায় গুরুতর জখম হয়।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর আড়াইটার দিকে স্থানীয় জনতার আটক করা পিকআপটি জব্দ করে। এ সময় পিকআপের চালককেও আটক করা হয়। আটক চালক সাতক্ষীরার কালিগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত ইসারত আলীর ছেলে হাসান আলী। পিকআপটির রেজিস্ট্রেশন নম্বর যশোর-ন-১১-১২০৯।
এ বিষয়ে খর্নিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ মুন্সি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।