
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা-চাউলখোলা বেড়িবাঁধের ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বেড়িবাধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙনকবলিত বেড়িবাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুটিকাটা জাগ্রত নারী বাঁধ সুরক্ষা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ শেলী বালার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাঁধ সুরক্ষা দলের সদস্য ময়না রানী, অঞ্জলী রানী, মুঞ্জিলা খাতুন, তাপসী রানী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা স্বাভাবিক জোয়ারের চাপে এই বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষ নদীর লবণাক্ত পানি ঘরবাড়িতে ঢুকে পড়ে। খুটিকাটা-চাউলখোলা বেড়িবাঁধটি আজ চরম ঝুঁকিপূর্ণ। একটু পানির চাপ বাড়লেই এই বাঁধ ভেঙে এলাকার সব ভেসে যাবে। আমরা আর ত্রাণ চাই না, আমরা আমাদের জানমালের নিরাপত্তা চাই।”
স্থানীয় বাসিন্দা রায়হানুল ইসলাম রাহাত বলেন, অবৈধভাবে নাইন্টি পাইপ বসিয়ে লোনা পানি ওঠা-নামা করার মাধ্যমে কৃষিজমি ও বেড়িবাঁধের ক্ষতি হচ্ছে। তিনি অবৈধ নাইন্টি পাইপ অপসারণ ও বাঁধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তারা দাবি করেন ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে রিংবাঁধ বা পর্যাপ্ত উচ্চতা ও প্রশস্ততা সম্পন্ন একটি টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করার।
‘বিন্দু নারী উন্নয়ন সংগঠন’-এর বাস্তবায়নাধীন জেন্ডার রেসপনসিভ ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় গঠিত ‘খুটিকাটা জাগ্রত নারী বাঁধ সুরক্ষা দল’ এ মানববন্ধনের আয়োজন করে।
উল্লেখ্য, লঘুচাপ ও জোয়ারের পানির প্রবল চাপে গত (২৮ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে কপোতাক্ষ নদের তীরবর্তী খুটিকাটা-চাউলখোলার বাঁধটির ধবস শুরু হয়।
ছবি- শ্যামনগরে চাউলখোলার ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে বাঁধ সুরক্ষা দলের মানববন্ধন।
রনজিৎ বর্মন
তাং-১.১০.২৬