
মোঃ আকবর হোসেন তালা:
সাতক্ষীরার তালা উপজেলায় এক রাতেই চেতনানাশক স্প্রে করে পৃথক দুইটি বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টিসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে
ভুক্তভোগীরা জানান,তালা সদর ইউনিয়নের ভায়ড়া ও খানপুর গ্রামে একই রাতে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায় ।
ভায়ড়া গ্রামের আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে আফজাল জোয়াদ্দারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। আফজাল জোয়াদ্দার জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা দরজা খুলে জিনিসপত্র এলোমেলো দেখতে পান এবং চুরির বিষয়টি বুঝতে পারেন।
অপরদিকে, খানপুর গ্রামের জাহাবাক্সে সরদারের ছেলে মহিউদ্দিন সরদারের বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। ইলিয়াস সরদার জানান, চোরেরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে চুরি করেছে বলে তাদের ধারণা।
তবে চুরির ঘটনায় পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। সুস্থ হওয়ার পর ঘরে থাকা মালামাল যাচাই করে চুরি যাওয়া সম্পদের সঠিক পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, “এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”