
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
যশোরের কেশবপুর উপজেলার ব্যস্ততম সড়ক কেশবপুর-বেতগ্রাম সড়কের ভালুকঘর থেকে চিংড়া বাজার পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক দীর্ঘ দিন বেহাল অবস্থায় জরাজীর্ন হয়ে পড়েছে।
আসন্ন বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় হাজারো খানা-খন্দে পরিনত হয়ে লাখো মানুষের ভোগান্তি চরমে উঠেছে। দ্রুত সংস্কার করা না হলে সড়কটি একেবারে যান চলাচলের অযোগ্য হয়ে পড়বে। জনগুরুত্বপুর্ণ এই সড়কটির বেহালদশা নিয়ে কর্তৃপক্ষের উদাশিনতায় অবহেলিত রয়ে গেছে বলে মনে করেন ভুক্তভোগীরা। ইতিমধ্যে এই সড়কটি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কাছে চরম ভোগান্তির আর এক নাম হিসাবে পরিচিতি পেয়েছে।
সড়কটি দিয়ে শুধু কেশবপুর উপজেলার মানুষ নয়; পার্শবর্তী মনিরামপুর ও সাতক্ষীরা জেলার তালা-কলারোয়া উপজেলাসহ ২ জেলার ৪ উপজেলার অর্ধশত গ্রামের অসংখ্য মানুষ চলাচল করে থাকেন। শ্রীরামপুর থেকে চিংড়া বাজার পর্যন্ত সাড়ে ৬ কিঃ মিঃ এর মধ্যে ১কিলোমিটার সম্প্রতি জোড়াতালি দিয়ে সংষ্কার করলেও প্রায় ৫ কিঃ মিঃ সড়কই ভেঙ্গেচুরে ছোট-ছোট গর্তে পরিণত হয়েছে। ভুক্তভোগী মানুষের মনে একটাই প্রশ্ন আর কত খারাপ হলে হবে সংস্কার?
এই অবহেলিত জনপদের লক্ষ-লক্ষ মানুষের একটাই প্রাণের দাবী, মানুষের পদভারে ছিন্ন-ভিন্ন সড়কটি দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করা হোক।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ অধিদপ্তরের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার আওয়ালুর রহমান বলেন, কেশবপুর-বেতগ্রাম সড়কটি জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। ৭ কিলোমিটার সড়কের মধ্যে সম্প্রতি দেড় কিঃমিঃ সড়ক সংস্কার করা হয়েছে। বাকী সাড়ে ৫ কিঃ মিঃ সড়ক নিয়মিত রক্ষনাবেক্ষনের আওতায় অতিদ্রুত সংস্কার করা হবে। যেহেতু সড়কটি মেঘা প্রকল্পের অন্তর্ভুক্ত বরাদ্ধ পেলে দ্রুত সড়কের কাজ শুরু হবে।
ছবিঃ
২৮/০৮/২৬