
কয়রা, খুলনা প্রতিনিধিঃ
খুলনার কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়ীতে মোঃ খালিদ হাসান (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃত্যু হয়েছে।
৪সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে শ্বশুরবাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত খালিদ হাসান উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর কয়রা গ্রামের মোঃ রহিম সরদারের ছেলে। এলাকাবাসী জানায়, ১৭ দিন আগে খালিদ হাসানের সাথে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সাথে বিয়ে হয়। শুক্রবার রাতে খালিদ ও তার স্ত্রীসহ শ্বশুরবাড়ী গোবরা গ্রামে অবস্থান করছিলেন। ঐদিন রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে শ্বশুরবাড়ীতে ঘরের মধ্যে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার স্ত্রী। পরে তার চিৎকার চেঁচামেচিতে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। সকালে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে সে আত্নহত্যা করেছে বা এটি আত্মহত্যা কিনা তার রহস্য উদঘাটনের বিষয়টি তদন্তাধীন রয়েছে।