
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রায় মাল্টি স্টেকহোল্ডার সদস্যদের অংশগ্রহণে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার (সিএসএ) ও গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর বুধবার সকাল ১০টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উত্তরণের গেইন কল প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরদার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উত্তরণের গেইন কল প্রকল্পের উপজেলা ম্যানেজার জিএম আলতাফ হোসেন। প্রশিক্ষণে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি অনুসরণ করা জরুরি। বিশেষ করে উপকূলীয় কয়রা অঞ্চলে লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগ কৃষির জন্য বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার (সিএসএ) পদ্ধতি কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে পারে। তারা আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, মাটির স্বাস্থ্য রক্ষা, সঠিক সার ও কীটনাশক ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি চর্চা নিশ্চিত করতে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) অনুসরণ করা প্রয়োজন। কৃষক পর্যায়ে এসব পদ্ধতির বাস্তব প্রয়োগ বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাধক ঢালী, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, শেখ সোহরাব হোসেন, হরেন্দ্রনাথ সরকার, সেলিনা আক্তার লাইলী, স্বাস্থ্য বিভাগের এবি ছিদ্দিকী, বিলকিস আক্তার ও আনিছুর রহমান, প্রাণিসম্পদ বিভাগের আবুল হাসান, বীজ ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সমাজসেবক সানা মুনছুর রহমান, হাফেজ মনিরুজ্জামান, স্থানীয় কৃষক আতিয়ার রহমান সানা, আকবার আলী প্রমুখ।
প্রশিক্ষণে কৃষি, স্বাস্থ্য, প্রাণিসম্পদ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বীজ ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।