
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া প্রতিনিধি:
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে এ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সড়ক দুর্ঘটনার কারণ, প্রতিরোধের উপায়, সড়ক আইন মেনে চলা এবং ইভটিজিং প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, নিসচা যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সহকারী অধ্যাপক আব্দুল হালিম ঢালী ও মোঃ ফারুক হোসেন।
বক্তারা বলেন, সামান্য অসতর্কতা ও অসচেতনতা একটি সড়ক দুর্ঘটনার বড় কারণ হতে পারে। আর একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবনই কেড়ে নেয় না, একটি পরিবারকে সারা জীবনের কান্না ও দুর্ভোগের মধ্যে ফেলে দেয়। তাই সড়কে চলাচলের সময় সবাইকে সতর্ক থাকতে হবে এবং ট্রাফিক ও সড়ক আইন মেনে চলতে হবে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিজেদের নিরাপত্তার পাশাপাশি পরিবার, বন্ধু-বান্ধব ও পরিচিতদেরও সড়ক আইন মেনে চলতে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় নবাগত শিক্ষার্থীদের নিরাপদ ও সচেতনভাবে চলাফেরা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং একটি নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।