
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহবানের মধ্য দিয়ে খুলনার কয়রায় শুরু হয়েছে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচী-২০২৬। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল-বাকী। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার প্রতিষ্ঠা এবং ভুক্তভোগীদের সুরক্ষায় বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শুভ বিশ্বাস এবং কর্মসূচীর বাস্তবায়নকারী সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর পরিচালক মেরিনা পারভিন যুথি। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী নেত্রী ও স্থানীয় প্রতিনিধিরা কর্মসূচীতে অংশ নেন।
আয়োজকরা জানান, ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ১৬ দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগীতায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার (জিএসি) অর্থায়নে কর্মসূচীটি বাস্তবায়ন করছে আইআরভি।
কর্মসূচীর মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।