
মোঃ আকবর হোসেন তালা (সাতক্ষীরা)প্রতিনিধি।।
সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে অভিযান চালিয়ে নকল ও ভেজাল সার-কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ জব্দ করেছে এস আর বি (র্যাব-৬) এ ঘটনায় স্যারের সাব ডিলার মশিয়ার রহমান নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা ।একই সঙ্গে জব্দ করা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর একটি দল তালা উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ জব্দ করা হয়।
মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসি সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালত কতৃক নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাতের দায়ে মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের কারাদণ্ড দেন।
এ ছাড়া অভিযানে জব্দ করা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশকসহ কৃষি উপকরণ ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয়রা জানান, কৃষি উৎপাদনে মানসম্মত সার ও কীটনাশক ব্যবহারের বিকল্প নেই। নকল ও ভেজাল কৃষি উপকরণ ব্যবহারের ফলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কৃষি উপকরণে নকল ও ভেজাল প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।