
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অপরাধে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ২ টি নৌকা, মাছ শিকারের জাল সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ১৩ জুন শনিবার ভোর ৫ টার দিকে সুন্দরবনের বাইনতলা খাল নামক স্থান হতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান ও কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান। আটকৃতরা হলেন কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের তরিকুল ইসলাম সরদার (২১), শরিফুল ইসলাম (২৬), ওসমান সরদার (৬০) ও শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের আঃ রহমান (৩০)।
কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, নিষিদ্ধ সময়ে সুন্দরবন অভ্যন্তরে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে কোবাদক ফরেস্ট স্টেশনের আওতায় বাইনতলা নামক খালে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে উক্ত জেলেদের আটক করা হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকৃত জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
কয়রা খুলনা প্রতিনিধি
তারিখঃ ১৩/০৬/২৬ ইং।