
শাহীন বিশ্বাস জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এবং অপরজন চুরি সংক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ আগস্ট পাটকেলঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন মামলা দায়ের করা হয়। ওই মামলায় নোয়াকাটি গ্রামের মো. জাহাঙ্গীর সরদারের ছেলে হৃদয় (২৫) এজাহারনামীয় আসামি। বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেফতার করে।
অপরদিকে, পাটকেলঘাটা থানার চুরি সংক্রান্ত মামলায় লালচন্দ্রপুর গ্রামের আজগর শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখকে এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।