
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
কেশবপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে জনসাধারণকে সচেতন করতে এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে যশোরের কেশবপুর পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর-২৬) কেশবপুর পৌরসভার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাসহ পৌরসভার বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেহনেওয়াজ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্জ্ব আব্দুস সামাদ বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর পৌর শাখার আমির অধ্যাপক জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমাতে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু পৌর কর্তৃপক্ষের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা। মশার বংশ বিস্তার রোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তাঁরা।
একই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
ছবিঃ
১০/১০/২৬