বকুল কুমার দেবনাথ :
কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) বাংলা ১লা শ্রাবণ ১৪৩৩, বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই রথটান ও ধর্মীয় উৎসবের সূচনা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রা উপলক্ষে রঘুনাথ মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
ভেড়ামারার এই ঐতিহাসিক শ্রীশ্রী রঘুনাথ জিউর মন্দিরের রথযাত্রা দীর্ঘকাল ধরে হিন্দু ধর্মাবলীদের মানুষের মাঝে এক মেলবন্ধন তৈরি করে আসছে।
রথযাত্রা উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় ঐতিহ্যবাহী রথ মেলারও আয়োজন করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
আগামী ২৪ জুলাই ২০২৬ উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।