সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়িতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা কার্বারী সমিতির নেতৃবৃন্দ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা কার্বারী সমিতির উপদেষ্টা কল্পরঞ্জন চাকমা, সভাপতি জয়শিন্ধু চাকমা, সাধারণ সম্পাদক রূপ কুমার চাকমা, বসন্ত কুমার তঞ্চঙ্গ্যাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্টজন।
এ সময় উপজেলা কার্বারী সমিতির কার্যালয় নির্মাণ, শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ঝরনা সংরক্ষণ, বন ও পরিবেশ সুরক্ষাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নবাগত ইউএনওর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
সাক্ষাতে কার্বারী সমিতির নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।