মো:রনি হোসেন, পাটকেলঘাটা প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় সরদার (নাম) এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হৃদয় সরদার পাটকেলঘাটার হারুন অর রশিদ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। সে পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের সারসা গ্রামের মো. রইস উদ্দিন সরদারের একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ায় হৃদয় মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে সে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, “ঘটনাটি সত্য। এ বিষয়ে খোঁজখবর নিতে থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।”