নিজস্ব প্রতিবেদক।
বেসরকারি টিভি চ্যানেল ৭১-এর অফিসে চুরি হয়েছে। রবিবার (২১ জুন) ভোর রাতে যে কোনো সময়ে এ চুরি সংগঠিত হয়েছে বলে পুলিশের ধারণা। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য পৌনে ২ লাখ টাকা।
জানা যায়, চোরেরা ভবনের প্রথম তলায় টেলিভিশন অফিসের তালাবদ্ধ দরজার হুক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তিনটি ঘর তছনছ করে। পরবর্তীতে তারা অফিসের ভেতরে থাকা একটি প্যানাসনিক ২৫ শ’ মডেলের ক্যামেরা, একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, তিনটি কম্পিউটারের সাউন্ড বক্স, একটি ক্যামেরা লাইট, চার্জার, মাইক্রোফোনসহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। যার আনুমানিক মূল্য পৌনে ২ লাখ টাকা। সকাল সোয়া ৯টার দিকে একাত্তর টেলিভিশনের কর্মরত সাংবাদিকরা অফিসে গিয়ে চুরির ঘটনাটি দেখতে পান। বিষয়টি পরে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাংবাদিক কনক রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে অফিসে আসি। এ সময় ঘরের তালা ভাঙ্গা দেখে পুলিশকে খবর দেয়। ঘরের সকল কিছু তছনছ করা ছিল। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন তিনি।