অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
সুন্দরবনে কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।
১৫ নভেম্বর রবিবার সকাল ৬টার দিকে সুন্দরবনের বজবজা বন টহল ফাঁড়ীর অধিনস্থ ঝাপঝপিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব হরিণের মাংস ও বিভিন্ন আলামত উদ্ধার করে কোস্টগার্ড ও বনবিভাগের সদস্যরা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে ওই এলাকা থেকে ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি হরিণের চামড়া জব্দ করা হয়েছে। তবে হরিণ শিকারীরা অভিযান সম্পর্কে জানতে পেরে কোনোকিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় বজবজা বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু রাড়ৈ বাদী হয়ে বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করেছেন।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান জানান, উদ্ধারকৃত হরিণের মাংস, পা ও মাথা আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।