অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকি। এতে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শুভ বিশ্বাস। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পশুপাখির নিয়মিত টিকাদান এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ, বিভিন্ন পর্যায়ের খামারি এবং সংশ্লিষ্ট প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।