পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।
কেশবপুরে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তবে এ ঘটনায় তিনি ও তাঁর সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুর উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব জেলা পরিষদের পাজেরো স্পোর্টস গাড়িতে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিলেন। কেশবপুরের তালতলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চুকনগরগামী একটি মাছবাহী পিকআপের সঙ্গে তাঁর গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে হাবিবুল ইসলাম হাবিব ও তাঁর সফরসঙ্গীরা অক্ষত থাকলেও পাজেরো গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে হাবিবুল ইসলাম হাবিব ও তাঁর সফরসঙ্গীদের নিরাপদে গন্তব্যের দিকে নেওয়া হয়।
দুর্ঘটনার কারণ ও পিকআপটির চালককে শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ছবিঃ
৩০/০৯/২৬