পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
যশোরের কেশবপুরে মামার বাড়ি বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে ডুবে সাজিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর-২৬) সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাজিদ উপজেলার মির্জানগর গ্রামের হাসানের ছেলে। তার বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। পরিবারের একমাত্র সন্তান ছিল সাজিদ।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সাজিদ তার মায়ের সঙ্গে মামার বাড়ি বিষ্ণুপুর গ্রামে বেড়াতে যায়। রোববার সকালে মা তাকে ভাত খাওয়াচ্ছিলেন। খাওয়া শেষে কিছু ভাত বাকি থাকলে শিশুটি তা খাওয়ার সময় হঠাৎ সবার চোখের আড়ালে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ, চলতি সপ্তাহে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে দুজন (ভাই বোন)শিশু শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
ছবিঃ
১১/১০/২৬