পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ।
কেশবপুরের ভোগতি তালিমুল কুরআন কওমী মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিএনপি নেতা মতিন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম বিল্লাহ-এর সঞ্চালনায় মাটি কেটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের এ অনুষ্ঠানে এতিমখানার শিক্ষার্থীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ শাহীদুল ইসলাম শহীদ। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন, শিক্ষা ও মানবসেবার এ উদ্যোগ শুধু ভবন নির্মাণ নয়, এটি একটি আলোর পথচলা-যেখানে অসহায় ও এতিম শিশুদের জন্য হবে শিক্ষা, ভালোবাসা ও আশ্রয়ের নতুন দিগন্ত।
তিনি আরও বলেন, এ ধরনের প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার বীজ বপন করে। আমি প্রতিষ্ঠানটির অগ্রগতি ও উন্নয়নের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব এবং সবাইকে আহ্বান জানাই— আমরা প্রত্যেকে আমাদের অবস্থান থেকে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিই।
মাদরাসা কর্তৃপক্ষ জানান, চল্লিশ শতক জমির উপরে মাদ্রাসাটি নির্মিত। মাদ্রাসায় বর্তমানে ১০০ জন ছাত্রছাত্রী আছে। নবনির্মিত এ ভবন সম্পন্ন হলে আরও বেশি এতিম শিশু এখানে আবাসিকভাবে থেকে ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুজার হোসেন।
২২/০৭/২৬