অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রায় মাছের ঘেরের রাস্তায় গাঁজা চাষের অভিযোগে গাঁজা গাছসহ আব্দুল্লাহ মালি (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে কয়রা থানা পুলিশ।
৪ অক্টোবর রবিবার দুপুর ১ টার দিকে কয়রা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২ নং কয়রা গ্রামের ঐ ব্যক্তির মাছের ঘেরে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঘেরের রাস্তায় চাষ করা অবস্থায় চারটি গাঁজা গাছের সন্ধান পায় পুলিশ। পরে গাছগুলো উদ্ধার ও জব্দ করে আব্দুল্লাহ মালিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাছ চাষের পাশাপাশি ঐ ঘেরের রাস্তায় গোপনে গাঁজা গাছ চাষ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, মাছের ঘেরে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল্লাহ মালি নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কয়রা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।