অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা রেড ক্রিসেন্ট- এর চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পী।
২০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টা থেকে খুলনার উপকূলীয় কয়রা উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও ভক্ত-দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্প্রীতির কয়রা গড়ে তোলার আহবান জানিয়েছেন।
তিনি আরো বলেন, আপনারা এ দেশের সমঅধিকারভোগী নাগরিক। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। কেউ যেন এতে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাই সজাগ থাকবেন।” পূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে থেকে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশ্বাস দেন।
উপকূলীয় এলাকার উন্নয়ন প্রসঙ্গে বাপ্পী উল্লেখ করেন, কয়রা- পাইকগাছায় প্রায় ২০১টি ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সুপেয় পানির সংকট নিরসনে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। কথার ফুলঝুরি নয়, টেকসই বাস্তব উন্নয়নের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চান বলে তিনি জানান।
মণ্ডপ পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস ও জেলা জাসাসের আহবায়ক শহিদুল ইসলাম শহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।